সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯১ লক্ষ ৮৬ হাজার ৮৩২ জন। এই মহামারীর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, ১১ লক্ষ ৩ হাজার ১১১ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ২ কোটি ৯৩ লক্ষ ৮৬ হাজার ১০৯ জন। ভারতেও করোনা আক্রান্তের দৈনিক পরিসংখ্যান বেশ কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। ভারতে মোট করোনার গ্রাসে পড়েছেন ৭৩ লক্ষ ৭০ হাজার ৪৬৮ জন।
এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি যন্ত্র আবিষ্কার করে সাড়া ফেলে দিয়েছেন। জানা গেছে এই যন্ত্রটির মাধ্যমে ৫ মিনিটেরও কম সময়ে করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া সম্ভব। তবে তাঁরা জানিয়েছেন যে, এই মুহূর্তে এই যন্ত্র বাজারে উপলব্ধ হবে না। আগামী বছরে এই যন্ত্র মানুষের হাতে আসতে পারে। তার কারণ আগামী বছরের শুরুর দিকে এই যন্ত্র উৎপাদনের কাজ শুরু হবে , তারপর আগামী বছরে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে এই যন্ত্রটি সাধারণ মানুষের হাতে আসতে পারবে।
বেশ কিছু জায়গায় খুব তাড়াতাড়ি করোনার রিপোর্ট পাওয়ার জন্য এই যন্ত্র খুবই সহায়ক বলে বিবেচিত হতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা জানিয়েছেন, এই যন্ত্রের মাধ্যমে শারীরিক দূরত্ব বজায় রেখে রোগীর নমুনা পরীক্ষা সম্ভব।